২৬ দিন ধরে নিখোঁজ সিলেটের বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা জেলিন

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন প্রায় ২৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে, তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (১ আগস্ট) সিলেটে সংবাদ সম্মেলন করে নিখোঁজ জেলিনের মা ফরিদা ইয়াসমীন বলেন, তার ছেলে ৮ জুলাই সিলেটের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে নিখোঁজ হন। তিনি অভিযোগ করেন, থানায় করা জিডির তথ্যের সঙ্গে ঘটনার অসঙ্গতি রয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানান।

ফরিদা ইয়াসমীন জানান, নিখোঁজ হওয়ার দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। কিন্তু জিডিতে উল্লেখ করা হয়েছে, ৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে সে নিখোঁজ হয়েছে। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেন, জেলিনের ব্যক্তিগত জীবনে পরিচিত কোনো শত্রু ছিল না, তবে কর্মস্থলে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধের কারণে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে পরিবারের সন্দেহ রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, জেলিনের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top