সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল শুরু হয়। রাতেও জেলার বিভিন্ন এলাকায় এ টহল অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
এদিকে, শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট বন্ধ রাখা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশও মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।