সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা এলাকায় শনিবার (১ আগস্ট) বিকেলে হাকালুকি হাওরের বুকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি নৌকা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও আলীনগর একাদশের নৌকা।
বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি সিলিং ফ্যান এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. তারু খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজন।
সিরাজুল ইসলাম রাজন বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে প্রবীণ ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।