হাইমচরকে আধুনিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরের পরিকল্পনা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলে সোমবার হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইমচরকে আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দুই লেনের ৩৪ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া, পুরান বাজার থেকে তেলিরমোড় পর্যন্ত রিভার ড্রাইভ সড়ক নির্মাণের উদ্যোগও চলমান। এমপি মানিক বলেন, হাইমচর ইকোনমিক জোনের ১ হাজার ৪০০ একর জমিতে কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেডএম আজিজুর রহমান, ড. মো. শাহাদাৎ হোসেন এবং নিবাস চন্দ্র মাঝি। এছাড়া, অন্যান্য সদস্যরা হাইমচরের সার্বিক উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top