হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। এ ঘটনায় মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২২ জুলাই এমপি গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণীর মামা ওবায়দুর রহমান।

বাদী অভিযোগ করেন, এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে তার ভাগনির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানার পর তিনি নজরুল ইসলামকে বিরত থাকার অনুরোধ করেন, কিন্তু এমপি তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে এমপি নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালান।

হামলার সময় বাদীর মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top