সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। সম্প্রতি ওমানের সঙ্গে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আরাকচি বলেন, অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র শর্তগুলো পূরণ করার পর প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হলে কোন নৌপথ ব্যবহার করা হবে, সে বিষয়ে ওমানের সঙ্গে চুক্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে।
এর আগে, এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন যে, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা শিগগিরই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান ও ইসরায়েলের হামলার জবাবে এই জলপথ বন্ধ করে দেওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান সম্পর্কে বলেন, তারা শান্তভাবে এগোচ্ছেন এবং ইরানকে পর্যবেক্ষণ করছেন।