সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরবের চিকিৎসক ডা. খালেদ আহমেদ সালেহ আল গমেদী বাংলাদেশ সফরে এসে প্রবাসী মো. নাজির মিয়ার বাড়িতে অতিথি হয়েছেন। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে নাজির মিয়ার অধীনে কাজ করছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ডা. গমেদী জামতলী গ্রামে নাজির মিয়ার বাড়িতে যান। নাজির মিয়া প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন এবং ডা. গমেদীর অধীনে কাজ করেন।
ডা. গমেদীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় তরুণ ও যুবকেরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানান এবং পরে শোভাযাত্রাসহ তাকে নাজির মিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মো. নাজির মিয়া জানান, “ডা. গমেদী সৌদি আরবের একজন স্বনামধন্য চিকিৎসক এবং অত্যন্ত ভালো মনের মানুষ। তাকে আমার দেশে আনতে পেরে আমি আনন্দিত।”
ডা. গমেদী বলেন, “বাংলাদেশ খুবই সুন্দর একটি দেশ। এখানকার মানুষের সঙ্গে দেখা করে আমার ভালো লাগছে। সুযোগ পেলে আবারও বাংলাদেশে আসব।”
এদিকে, ডা. গমেদীর আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ তাকে একনজর দেখতে নাজির মিয়ার বাড়িতে ভিড় করেন।