সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম এবং সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হাসপাতাল বিল্ডিংয়ের পশ্চিম পাশে গ্যারেজে অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলছিল। অ্যাম্বুলেন্সের পাশে বিভিন্ন আকারের অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে ফায়ার সার্ভিস সদস্যরা পানির পরিবর্তে বিশেষ ‘ফোম’ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। ফোম ব্যবহারের ফলে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক পর্যবেক্ষণে একটি অ্যাম্বুলেন্স, ভেতরে থাকা কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ বিল্ডিংয়ের কাঠামোগত কিছু ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়।
অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।