সমকামিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্থায়ীভাবে বহিষ্কৃত

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তাদের হল থেকে বের করে দেওয়া হয়।

হল প্রশাসন ও হল সংসদ সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।’

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানান, স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে হল ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এক শিক্ষার্থী বলেন, তিনি বর্তমানে মানসিক ধাক্কা বা ‘ট্রমার’ মধ্যে আছেন এবং এ বিষয়ে কোনো কথা বলতে চান না। অপর শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ জুলাই মাস্টারদা সূর্য সেন হলে একই ধরনের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পরে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে একই ধরনের অভিযোগে এক এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিলের ঘটনাও ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top