সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সন্তান প্রতিপালনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। নতুন মা-বাবারা শিশুকে নিয়ে বিভিন্ন বিষয়ে দুশ্চিন্তায় ভোগেন। বিশেষ করে, শিশুকে কতদিন তাদের সঙ্গে শোয়ার বিষয়ে অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকে।
বিশেষজ্ঞদের মতে, ছোট শিশুর সঙ্গে একই বিছানায় ঘুমালে তার মানসিক বিকাশ এবং নিরাপত্তাবোধ বাড়তে পারে। তবে কিছু নিরাপত্তা নিয়ম মেনে চলা জরুরি। শিশুর জীবনের প্রথম দিকে মা-বাবার কাছাকাছি থাকা তার মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে, যা তার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়।
শিশু বিশেষজ্ঞরা জানান, শিশুকে কতদিন মা-বাবার সঙ্গে ঘুমাতে দেওয়া উচিত, তা নির্দিষ্ট নয়। তবে ১ বছর বয়স পর্যন্ত শিশুর মা-বাবার সঙ্গে একই ঘরে ঘুমানো উচিত। ১ থেকে ৩ বছর বয়সী শিশুরা আবেগগতভাবে মা-বাবার সঙ্গে যুক্ত থাকে, তাই এই বয়সেও তাদের সঙ্গে ঘুমানো উচিত।
৩ থেকে ৬ বছর বয়সে শিশুরা নিজেদের পরিচয় বুঝতে শুরু করে। এই সময় তাদের আলাদা বিছানায় ঘুমানোর জন্য প্রস্তুত করা উচিত। ৬ বছর বয়সের পর, যদি শিশু প্রস্তুত থাকে, তবে আলাদা ঘরে ঘুমানো সঠিক সিদ্ধান্ত হতে পারে।
হাদিস অনুযায়ী, সন্তানের বয়স ১০ বছর হলে তাকে আলাদা বিছানায় শোয়ানো আবশ্যক। সাত বছর বয়সে বিছানা পৃথক করার বিষয়ে সতর্ক হওয়া উচিত। তবে সন্তানের চাহিদা ও মানসিক প্রস্তুতি বুঝে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।