সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক শেরপুরের ঝিনাইগাতীতে ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিহত বিল্লাল হোসেনের ছোট ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিল্লাল হোসেন উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। তিনি ৪ আগস্ট রাত ১০টার দিকে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের ৯ দিন পর স্থানীয় শিশু-কিশোররা জারুলতলা এলাকায় অঞ্জনা ঝর্ণার পাশে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি সংবেদনশীল অঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। তবে এসব আঘাতের প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন এবং এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।