সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘শেখ হাসিনার জেল হোক, ফাঁসি হোক– সেটা আমি সমর্থন করি না।’ বৃহস্পতিবার কিশোরগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারতকালে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এক নয়, মুক্তিযুদ্ধ এবং শেখ হাসিনা এক নয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যা অটুট থাকবে।’ তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করে বলেন, তারা স্বাধীনতার পক্ষে দাঁড়ায়নি এবং পাকিস্তানের পক্ষে কাজ করেছে, যার কারণে তাদের অধঃপতন ঘটেছে।
তারেক রহমান সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীর খারাপ কাজগুলো করা উচিত নয়। তবে সরাসরি বিরোধিতা করা যুক্তিসঙ্গত মনে হয় না।’ তিনি বঙ্গবন্ধুর সময়ের সংকটের কথা উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান অধ্যাপক ইউনূছের চেয়ে দেশ ভালো চালাচ্ছেন।
কাদের সিদ্দিকী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছান। জোহরের নামাজের পর তিনি শোলাকিয়া এলাকায় আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং পরে তারেকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।