শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠানে সাতক্ষীরার অরিনের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের দিল্লি থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে সাতক্ষীরার তরুণ আবু ওবাইদাহ অরিনের উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে সাতক্ষীরা জেলা পুলিশ অরিনের উপস্থিতির বিষয়ে কিছুই জানে না।

অরিনের বক্তব্যের একটি ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে, যেখানে তিনি শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে ‘সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশে ফেরার ইচ্ছার কথা বলেন।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানান, অরিনের উপস্থিতির বিষয়ে তারা অবগত নন। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অরিনের বাড়ির পাশের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নেই এবং ভারতে পড়াশোনা করছেন। তবে তার বাবা আবু সোয়েব এবেল ফোন ধরেননি। অরিনের বক্তব্যে পুলিশের নিহতের সংখ্যা হিসেবে ‘৩ হাজার ২০০-এর বেশি’ দাবি করা হলেও, এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top