সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি থেকে মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চান তারা। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
চিফ হুইপ জানান, মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নুরুল ইসলাম মনি বলেন, ১১ দলীয় জোট থেকে কর্নেল অলি আহমদও রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে, সনদের সব দিক বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, সংবিধানের কোনো একটি কমা পরিবর্তন করলেও সেটি সংশোধন হিসেবে গণ্য হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদে কে আসবেন—এ প্রশ্নের উত্তরে চিফ হুইপ কোনো সিদ্ধান্ত জানাতে চাননি। তিনি বলেন, নির্বাচনের নিয়ম অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন।