রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করেছেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কৌশলগত কারণে আগেভাগে নাম প্রকাশ করা হয়নি। তবে মির্জা ফখরুল ইতিমধ্যে সম্মতিপত্রে সই করেছেন। আজ দুপুরে তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হবে।

এ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে দুটি ফরম বিএনপি নিয়েছে। আইনি সতর্কতা ও কৌশলগত কারণে একই প্রার্থীর পক্ষে একাধিক ফরম নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আজ জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top