সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজশাহীতে হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ‘নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’। রবিবার সকালে রাজশাহী জেলা কমিটির উদ্যোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক এবং রাজশাহী জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।
তেরখাদিয়া এলাকায় অবস্থিত উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা প্রশাসক বরাবর অপর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। কর্মসূচিতে রাজশাহীর স্থানীয় শ্রমিকদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সংগ্রাম পরিষদের রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক মো: ফিরোজ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মো: মিঠুন সমাবেশে বক্তব্য রাখেন। তারা বলেন, ২০২৫ সালের ৫ মে সরকারের গেজেট অনুযায়ী প্রায় ৪০ লাখ হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকের জন্য নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। তবে ১৬ মাস পার হলেও এর বাস্তবায়নে কার্যকর তদারকি দেখা যাচ্ছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা সরকারি কর্মচারীদের তুলনায় হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য রেশনিং সুবিধার অভাবের বিষয়টিও তুলে ধরেন।
তারা দাবি করেন, “একই দেশে দুই ধরনের আইন ও বৈষম্যমূলক ব্যবস্থা পরিহার করে ‘মজুরি-দাসত্ব’ ব্যবস্থা উচ্ছেদ করতে হবে।” শ্রমিকদের বাঁচিয়ে রাখতে অবিলম্বে স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্থা চালু এবং সর্বনিম্ন মজুরির গেজেট বাস্তবায়নের আহ্বান জানান তারা।