সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজশাহী মহানগরীতে ৫ আগস্ট ‘জাতীয় পুলিশ হত্যা দিবস’ শিরোনামে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির প্রস্তুতির মধ্যে বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে এসব পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে ‘পুলিশ হত্যার বিচার চাই’ স্লোগান এবং সহিংস ঘটনার ছবি ব্যবহার করা হয়েছে।
আগামীকাল ৫ আগস্ট রাষ্ট্রীয় মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে সরকার, প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও আলোচনা সভার আয়োজন করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা সহ মহানগরীর বিভিন্ন স্থানে একই ধরনের পোস্টার দেখা গেছে। পোস্টারের নিচে লেখা রয়েছে ‘জুলাই-আগস্ট সন্ত্রাস নিমূল কমিটি’। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, সরকারিভাবে ঘোষিত কোনো ‘পুলিশ হত্যা দিবস’ না থাকলেও পোস্টারগুলো কে লাগিয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ও পুলিশের টহলের আওতায় থাকা এলাকায় রাতের আঁধারে পোস্টার সাঁটানোর বিষয়টি কিভাবে সম্ভব হলো।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে এ ধরনের প্রচারণার উদ্দেশ্য তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে এবং এর উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ গোয়েন্দা টিম বিষয়টি নিয়ে কাজ করছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।