সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজধানীসহ সারা দেশে পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সদরদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের যানবাহনের ওপর হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে।
শনিবার (০১ আগস্ট) এক জরুরি বার্তায় পুলিশ সদরদপ্তর মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে। বার্তায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলার সুযোগ নেই।
বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। আনঅ্যাটেন্ডেড অবস্থায় পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া, থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ডসহ অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।