যুবদল নেতার দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক গাজীপুরের শ্রীপুরে যুবদল থেকে বহিষ্কৃত মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন এবং মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নেন।

এ ঘটনা সোমবার (৩ আগস্ট) বেলা দুইটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে তার নিজ বাড়িতে ঘটে। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাহবুব আলম আজিম উদ্দিনের ছেলে এবং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে বর্তমানে তার কোনো পদ নেই।

জানা গেছে, গত ২৯ জুলাই দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আজীবনের জন্য যুবদল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি।

মাহবুব আলম জানান, পরিবারের কথা বিবেচনা করে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সংগঠনে তার কোনো পদ না থাকায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর সুযোগ নেই, তবে দলের প্রতি তার কোনো ক্ষোভ নেই।

এদিকে এনামুল হক মনি জানান, মাহবুব আলমকে নানা অপকর্মের অভিযোগে একাধিকবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন এবং এভাবে প্রদর্শনী করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top