সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা মামাতো-ফুফাতো ভাই এবং নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ৩টার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় বেড়াতে এসেছিলেন। সোমবার দুপুরে তারা যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে। একপর্যায়ে দুজনই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও তাদের খুঁজে পাননি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। বুধবার বিকেল তিনটার দিকে বিনয় রায়ের মরদেহ ভেসে ওঠে। নৌ-পুলিশ মরদেহটি হেফাজতে নেয়।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন, দুই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।