মেহেরপুরে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় দুই ভারতীয় আটক

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আব্দুল মান্নান (৬০) নামের ওই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। তিনি ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে এবং সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন।

মান্নানকে ধরে নেওয়ার পর স্থানীয়রা শচীন দাস (৬৫) ও নরোত্তম বিশ্বাস (৩৫) নামে দুই ভারতীয়কে আটক করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনা হবে এবং ভারতীয় নাগরিকদেরও ফেরত দেওয়া হবে।

এ সময় সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছেন বিজিবির অধিনায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top