সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দলের উচ্চপর্যায়ের বৈঠকের পর তার নাম চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের মানুষ উচ্ছ্বসিত। শহর থেকে গ্রাম পর্যন্ত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল রাজনীতিতে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। দলের মহাসচিব হিসেবে তার দীর্ঘ দায়িত্ব পালন এবং রাজনৈতিক সংকটে নেতৃত্ব দেওয়ার জন্য এই মনোনয়নকে তারা তার রাজনৈতিক ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উচ্ছ্বাস শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন জেলার মানুষ।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন বলেন, ‘এটি আমাদের জেলা ও দেশের সম্মান। তার দীর্ঘ সংগ্রামী জীবনের দৃষ্টান্ত স্থাপন হয়েছে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীও এই দিনটিকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন।