সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার আবুল খায়ের (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেজুরা সেতুর ওপর ঢাকাগামী একটি তেলবাহী লরির সঙ্গে বিপরীতমুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া ও আবুল খায়ের নিহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে, ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মাধবপুর থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।