ভারত থেকে বাংলাদেশে আসছে ১৯টি নতুন রেল কোচ, দর্শনা স্টেশনে অপেক্ষা

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি নতুন লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ আসছে। বুধবার (১২ আগস্ট) ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে প্রথম রেকটি কারখানা ছাড়ার কথা রয়েছে।

এই কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে, তবে আসার নির্দিষ্ট সময়সূচি এখনও জানানো হয়নি। দর্শনা স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভারত থেকে সংকেত পাওয়ার পর কোচগুলো নিরাপদে গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, “সংবাদমাধ্যমের বরাতেই আমরা নতুন ট্রেনের কোচ আসার বিষয়টি জানতে পেরেছি।” তিনি জানান, ভারত থেকে আমদানি করা অধিকাংশ রেল কোচ দর্শনা সীমান্ত দিয়ে দেশে এসেছে এবং এবারও একইভাবে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

প্রথম চালানে আসা ১৯টি কোচ ভারত সরকারের লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি অত্যাধুনিক কোচ সংগ্রহের চুক্তির অংশ। এসব কোচে উন্নত নিরাপত্তাব্যবস্থা এবং যাত্রীদের জন্য বিভিন্ন আধুনিক সুবিধা রাখা হয়েছে।

নতুন কোচগুলোতে সিসিটিভি ক্যামেরা, জরুরি অ্যালার্ম ব্যবস্থা, প্রার্থনা কক্ষ, বেবি কেয়ার রুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। আশা করা হচ্ছে, এসব কোচ যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের ব্রডগেজ কোচসংকট কিছুটা কমবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top