সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে বিধানসভা ঘেরাও করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে।
সোমবার (১০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই সংবাদের তথ্য উঠে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লাঠি নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা উল্লেখ করলেও পুলিশ এই পদক্ষেপ নেয়।
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়মের সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে উপস্থিত হন। পুলিশ জলকামান নিক্ষেপ করলে বেশ কিছু শিক্ষার্থীকে পানির তোড়ের সামনে নাচতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বড় মোড়গুলোতে ব্যারিকেড বসায় এবং অধিকাংশ স্কুল বন্ধ রাখা হয়। একই সময়ে মুখ্যমন্ত্রী সোরেনের বাসভবনের বাইরে বিজেপি নেতারাও বিক্ষোভে অংশ নেন।
শিক্ষার্থীরা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে। আন্দোলনের নেতা দেবেন্দ্র মাহাতো ও রবীন্দ্র পাসোয়ান জানান, সরকার ১৩টি পরীক্ষার মধ্যে কেবল ৩টি বাতিলের প্রস্তাব দিয়েছে, যা পর্যাপ্ত নয়।
এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের কারণে সিআইডি তলব করার পর জেপিএসসির তিন সদস্য পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী সোরেন আশ্বাস দিয়েছেন যে এই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।