ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ভাড়ায় অতিরিক্ত আদায়ের অভিযোগ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের সুযোগ নিয়ে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা জানিয়েছেন, চালকরা কোনো ঘোষণা বা অনুমোদন ছাড়াই ভাড়া বাড়িয়ে নিচ্ছেন।

যাত্রীদের অভিযোগ, কাউতলী থেকে আখাউড়া বাইপাসের নির্ধারিত ভাড়া ৬০ টাকার পরিবর্তে ৮০ টাকা, কাউতলী থেকে চিনাইর পর্যন্ত ৫০ টাকার স্থলে ৭০ টাকা, সুলতানপুর পর্যন্ত ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা এবং তন্তুর পর্যন্ত ১০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

এছাড়া, কাউতলী থেকে নবীনগর আলিয়াবাদ গোলচত্বর পর্যন্ত সিএনজি অটোরিকশায় যাত্রীপ্রতি ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে। চালকরা গ্যাস সংকটের কারণে গাড়ি চালানোর খরচ বেড়ে যাওয়ার কথা বলে অতিরিক্ত ভাড়া দাবি করছেন।

একাধিক যাত্রী জানিয়েছেন, গ্যাস সংকটের কারণে পরিবহন সংকট তৈরি হওয়ায় তারা বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে অনেক চালক যাত্রী নিতে চান না বলেও অভিযোগ রয়েছে।

যাত্রীদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে নির্ধারিত ভাড়া কার্যকর করতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top