বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি কার্যক্রম স্থগিত

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সব ধরনের পদোন্নতি কার্যক্রম স্থগিত করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সংস্থার প্রকৌশলী বিভাগে পদোন্নতির প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা প্রকৌশলী আবু সাঈদ অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে বিভাগটিতে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি, প্রশাসনিক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে একটি চক্র প্রভাব বিস্তার করে আসছে।

৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তার একটি চিঠিতে উল্লেখ করেছেন, তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সম্প্রতি গৃহীত পদোন্নতি সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ থাকবে।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের শেষ দিকে যোগ দেওয়া কয়েকজন কনিষ্ঠ কর্মীকে অস্বাভাবিকভাবে গ্রুপ-৬ পদে পদোন্নতি দিতে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এ প্রক্রিয়ায় প্রায় ৩১ লাখ টাকার অবৈধ আর্থিক লেনদেন হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন এবং বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের তদন্তাধীন। বিমানের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মুহাম্মদ মহিউদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রণালয় এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের তদন্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top