সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এটি নিশ্চিত হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে আলোচনা চলছে। একইসঙ্গে মন্ত্রিসভায় ফখরুলের জায়গায় নতুন মুখ আসবে কিনা, সেটিও নিয়ে কৌতূহল রয়েছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, ফখরুল রাষ্ট্রপতি হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দলের স্থায়ী কমিটিতে একটি পদ শূন্য হবে। এর আগে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হওয়ার কারণে আরেকটি পদ শূন্য হয়েছিল।
দলীয় সূত্র অনুযায়ী, ফখরুল রাষ্ট্রপতি হলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সম্ভাবনা বেশি। এছাড়া স্থায়ী কমিটির শূন্য পদে আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু এবং জয়নুল আবদীন ফারুকের নামও রয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমি দলের প্রতি শতভাগ আনুগত্য প্রকাশ করেই কাজ করছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীদের পাশে আছি।’
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফখরুল রাষ্ট্রপতি হলে তার মন্ত্রিত্বও শূন্য হবে, ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন মুখ আসার সম্ভাবনা তৈরি হবে। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, ‘ফখরুল রাষ্ট্রপতি হলে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীর সম্ভাবনা বেশি।’