বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বলেন, ‘বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে। একেবারে শূন্য হাতে। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল।’

মন্ত্রী আরও বলেন, ‘ড. ইউনূস প্রায় ১৮ মাস থেকে অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে পারেননি। শেষ মাসে বেতন দেওয়ার বিষয়েও চিন্তায় ছিলেন। এরকম অবস্থায় আমরা সরকার গঠন করেছি। তবুও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী কোটি কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন।’

তিনি জানান, ‘ফ্যামিলি কার্ড যাতে প্রত্যেক পরিবারের গৃহিণী মা পান, সেজন্য তথ্য সংগ্রহের জন্য একটি টিম গঠন করা হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে এই কার্ড বিতরণ শুরু হবে।’ মন্ত্রী বলেন, ‘শতশত কোটি টাকা ব্যয় হবে, কিন্তু প্রধানমন্ত্রী এই শূন্য অর্থনীতির মধ্যেও কাজ শুরু করেছেন।’

বিরোধীদলের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, ‘শান্ত হোন, হুঁশে আসেন। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। পাঁচ বছর পর নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদল অযথা কাল্পনিক অভিযোগ করছে। আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না।’ মন্ত্রী বলেন, ‘আমরা কোনো সিলের নির্বাচন বা জোর জবরদস্তি শাসন দেখতে চাই না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top