ফ্যামিলি কার্ড শুমারির চাকরি না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরির সুযোগ না পাওয়ার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করেন।

২০২২ সাল থেকে দায়িত্বে থাকা ইবনে হাসান পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন। অন্যদিকে, ২০০৯ সাল থেকে দলের সঙ্গে যুক্ত সহসভাপতি মেহেদী হাসান রিংকু কর্মীদের অবমূল্যায়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন।

মেহেদী হাসান রিংকু বলেন, ‘দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। কিন্তু বর্তমানে কর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং কাজ করার পরিবেশ না থাকায় আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।’

সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল জানান, তারা বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন, তবে আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র পাননি। জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই তারা পদত্যাগের কথা লিখেছেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top