সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিজে গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি বাসা থেকে বের হন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
প্রধানমন্ত্রী ফার্মগেট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করার পর সংসদ ভবন এলাকায় যান। এরপর ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী এবং বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে গুলশানে তার বাসায় ফেরেন।
এ সময় গাড়িতে বসে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য ব্যক্তিগত কর্মকর্তারা গাড়ি বহরে ছিলেন।
সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটানোর পর রাতের এই পরিদর্শনে বের হন।