সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক শেখ আজিজুর রহমান, যিনি জুলাই আন্দোলনের সময় গুরুতর আহত হন, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় আজিজুর তার মাথায় বাঁধা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
আজিজুরের মাথায় গুলির ক্ষত রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন রয়েছে। তিনি জানান, ওই পতাকাটি প্রধানমন্ত্রীকে দেওয়ার ইচ্ছা ছিল এবং আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজিজুরের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি আজিজুরের আহত হওয়ার ঘটনা, লেখাপড়া এবং বর্তমান জীবনযাপন সম্পর্কে খোঁজ-খবর নেন।
আজিজুর রহমান সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।
২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে মিরপুর-১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন আজিজুর। আন্দোলনের একপর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এবং ১৯ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।