প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক দেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভেটেরিনারি খাতের পরিধি দিন দিন বাড়ছে এবং খাদ্য নিরাপত্তার গুরুত্ব বেড়েছে। তিনি বলেন, পশু খাদ্য রোগমুক্ত ও মানুষের খাওয়ার উপযোগী কি না, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু জানান, বর্তমানে ভেটেরিনারি হাসপাতাল মূলত ঢাকাকেন্দ্রিক। প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের চিন্তা করা হচ্ছে।

ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করার পর কর্মসংস্থানের সুযোগ পাবে বলে জানান তিনি।

সম্মেলনে বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ড সুকুমার সাহার সঞ্চালনায় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top