সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের শ্রম উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে আনুমানিক ১.৩ থেকে ১.৮ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হতে পারে। এই ক্ষতি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশের সমান।
প্রতিবেদনটি ‘আ লিভেবল ফিউচার: প্রোটেকটিং জবস অ্যান্ড গ্রোথ ফ্রম এক্সট্রিম হিট ইন সাউথ এশিয়াস সিটিজ’ শিরোনামে প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, দিনের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পার হলেই এই ক্ষতির পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়।
ঢাকায় প্রচণ্ড গরমের কারণে প্রতি বছর প্রায় ৩ শতাংশ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন চাকরি হারানোর সমতুল্য। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে ২০৮০ সালের মধ্যে ঢাকায় ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি হতে পারে।
বিশ্বব্যাংক আরও জানিয়েছে, গরমের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতও বিপদের মুখে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কার্যকর পদক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রায় ৬৫.৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় হারাতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত গরমের কারণে নারী শ্রমিকদের ওপর সহিংসতা ও নির্যাতনের ঝুঁকি বাড়ছে। দক্ষিণ এশিয়া জুড়ে এই গরমের কারণে প্রতি বছর প্রায় ৩ কোটি ১০ লাখ পূর্ণকালীন কাজের সমপরিমাণ ক্ষতি হচ্ছে।