সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পর পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরাপত্তাচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা এবং ডিএমপির জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বক্তব্য দেন।
সভায় উল্লেখ করা হয় যে সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে যাতে হামলাকারীরা কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়। উগ্রবাদী ও জঙ্গিবাদী তৎপরতা রোধে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।
গত ২৪ জুলাই মতিঝিলে মেট্রোরেল স্টেশন এলাকা থেকে বোমা উদ্ধারের পর পুলিশ সদর দপ্তর সতর্কবার্তা জারি করেছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সিটিটিসি ইউনিট ১১টি পাইপবোমা ও বিস্ফোরকসহ এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের সাধুপুর থেকে প্রেশার কুকারের ভেতর আইইডি উদ্ধার করা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের বসবাস থাকায় এখানকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তিনি সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার মোকাবিলা করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। ডিএমপি কমিশনার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।