সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এই কারণে তাকে দলীয় সব পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে।
সরকার প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদল করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর এসব দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে অর্পণ করা হয়েছে। অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের জায়গায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পদত্যাগের পর এলজিআরডি মন্ত্রণালয়ে নেতৃত্ব নিশ্চিত করতে দ্রুত এই পরিবর্তন আনা হয়েছে।