নতুন রাজনৈতিক মঞ্চ ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ আত্মপ্রকাশ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বর্তমান পরিস্থিতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগর। নবগঠিত কমিটির সম্পাদক হিসেবে মোহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র হিসেবে ইকবাল হোসেন (সাম্য শাহ) নির্বাচিত হন।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনীতির জন্য ‘বিষফোঁড়া’। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের রাজপথে নামার পেছনে ষড়যন্ত্র কাজ করছে। দেশের রাজনীতিতে সংকট কাটাতে শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশের বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশে চার কোটির বেশি শিক্ষিত বেকার রয়েছে এবং বিএনপির চাকরির প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশয় প্রকাশ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এনসিপির নেতাদের রাজনীতির প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, রাজনীতি একটি দীর্ঘ ও সংগ্রামের পথ এবং বিএনপিকে সতর্ক থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top