সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী মো. জসিম শেখ (৪০)। হত্যার পর জসিম থানায় এসে আত্মসমর্পণ করেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম করফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে এবং অভিযুক্ত জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জেসমিন ও জসিমের ১০ বছর আগে বিবাহ হয় এবং তাদের একটি ৮ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার দুপুরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করেন।
জসিম বলেন, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। জেসমিনকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জেসমিনকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।