সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মোবাইলে ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে তিনজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা-পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে সড়কের প্রবেশমুখে এ মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আ ন ম আয়াস নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল জনতা তাদের মারধর করেন। আয়াস ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামে একটি সংগঠনের সদস্যসচিব হিসেবে পরিচিত। তিনি অভিযোগ করেন যে, একটি ভিডিও যুবলীগের একজনকে পাঠানো হয়েছে।
এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে রিকশাচালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। এর আগে, সকাল সোয়া ১০টার দিকে ফুল দিতে আসা অর্ণব দাস নামের একজন যুবলীগের কর্মীকে আটক করে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে এবং তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন।