সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক নয়া দিল্লিতে পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বুধবার (৫ আগস্ট) রাতে প্রকাশিত বিবৃতিতে সরকার জানায়, ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল, কিন্তু তাও শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের অনুমতি দেওয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনার এই অংশগ্রহণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা ২০২৪ সালের জুলাই–আগস্টে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত তথ্য অস্বীকার করার চেষ্টা করছেন।
বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, তারা ভারতের সঙ্গে গঠনমূলক ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক বজায় রাখতে চায়, তবে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে একাধিক অনুরোধ করা সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি।