সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে সমকামিতায় জড়িত থাকার অভিযোগে আটক হওয়া এক আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার (৩০ জুলাই) এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরে ওই শিক্ষার্থীকে তার নিজ বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, হল প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে নিজেদের জিম্মায় নেয়। পরে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিভাগের ছাত্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ওই শিক্ষার্থীকে তার বিভাগের জিম্মায় সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সহকারী প্রক্টর আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একটি লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন, যেখানে উল্লেখ রয়েছে যে ভবিষ্যতে তিনি এই ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না। শর্ত ভঙ্গ করলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে।
শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে বিভাগের শিক্ষকরা তার অতীতের আচরণ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবিক ও প্রশাসনিক দিক বিবেচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে।
ঘটনার পুনরাবৃত্তি রোধে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন সহকারী প্রক্টর। তিনি বলেন, হলে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পরিচয়পত্র যাচাই-বাছাই আরও কঠোরভাবে করা প্রয়োজন।
সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষার্থী একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে সমকামিতায় আসক্ত এক ব্যক্তিকে হলের ভেতর আমন্ত্রণ জানান। কিন্তু ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষে প্রবেশ করেন, যা সন্দেহের সৃষ্টি করে। উপস্থিত শিক্ষার্থীরা বিষয়টি হল কর্তৃপক্ষকে জানান এবং পরে প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তিকে আটক করে।