সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকায় যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করেছে। প্রাথমিকভাবে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে এ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঢাকা মহানগরের আরো ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের আধুনিক ট্রাফিক সিগন্যাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শাহবাগ মোড়ে সিগন্যালটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।
নতুন এই সিগন্যাল ব্যবস্থা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় স্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো যানবাহন চলাচলকে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে আরো নিয়মতান্ত্রিক ও গতিশীল করা।
প্রাথমিকভাবে স্থাপিত আটটি মোড় হলো—বাংলা মোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মত্স্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়। আবদুস সালাম বলেন, আধুনিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর হলে ট্রাফিক পুলিশকে সার্বক্ষণিক দাঁড়িয়ে সংকেত দিতে হবে না।
তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরের আরো ৫০টি মোড়ে সিগন্যাল চালু করা হবে। তবে যানজট পুরোপুরি নিরসন সম্ভব নয়, এজন্য চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।