ডেভিড ইমনকে সিএমপির মামলায় গ্রেপ্তার, ১০ আগস্ট হাজিরার নির্দেশ

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার একটি ফৌজদারি মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে আগামী ১০ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন এবং ওই দিন সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ। আদালত সূত্রে জানা গেছে, সহিংসতা, চাঁদাবাজি, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত বছর বায়েজিদ বোস্তামী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একই দিনে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সায়মা আফরিন হিমার আদালতে ফটিকছড়ি থানার তিনটি মামলাতেও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে দুটি অস্ত্র আইনের মামলা এবং একটি হত্যা মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) হাবিবুর রহমান জানান, ফটিকছড়ি থানার মামলাগুলোর জন্য রোববার রিমান্ড আবেদন করা হবে। উল্লেখ্য, গত বুধবার সকালে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ডেভিড ইমনকে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি বর্তমানে চট্টগ্রামে অপরাধী চক্র পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top