সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক পেশাগত নিবন্ধন, ‘ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল)’ কোর্সের নাম পরিবর্তন, উচ্চশিক্ষার সুযোগ পুনরায় চালু এবং সরকারি শূন্যপদে নিয়োগসহ ১০ম গ্রেড প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডেন্টাল ডিপ্লোমাধারী শিক্ষার্থী ও পেশাজীবীরা।
সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান। তারা বলেন, ১৯৬৩ সাল থেকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। বর্তমানে সরকারি ২৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এবং বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী এ কোর্স সম্পন্ন করছেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোর্সটি চালু থাকলেও ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন এখনো নিশ্চিত হয়নি। ১৯৮৩ সাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান হয়নি। তারা দাবি করেন, অন্যান্য সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন দেওয়া হচ্ছে, কিন্তু ডেন্টাল ডিপ্লোমাধারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
সংগঠনের আহ্বায়ক তানভীর আহমেদ বলেন, পেশাগত নিবন্ধন না থাকায় ডেন্টাল ডিপ্লোমাধারীরা পেশাগত প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত কোর্স সম্পন্নকারীদের জন্য পেশাগত পরিচয় ও নিবন্ধন নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
সংগঠনের মুখপাত্র তানজিনা ইয়াসমিন মারিয়া জানান, ডেন্টাল ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার সুযোগ দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। তারা দাবি বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।