সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী জংশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন হলেন আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ১৪ বছর বয়সী ফাহিম মিয়া এবং অপরজন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের ৫০ বছর বয়সী লিটন মিয়া।
ফাহিমের বড় ভাই আরমান মিয়া জানান, তারা আশুগঞ্জ থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ‘ট’ বগিতে উঠেছিলেন। ফাহিম জানালার পাশে বসে ছিলেন, আর আরমান দাঁড়িয়ে ছিলেন। টঙ্গী জংশনের কাছে পৌঁছালে একটি পাথর জানালা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে পাশের এক যাত্রীর মাথায় আঘাত করে, পরে ফাহিমের গলায় লাগে। আঘাত পাওয়ার পর ফাহিম ব্যথা ও আতঙ্কে কথা বলতে পারছিলেন না।
অপর আহত লিটন মিয়া বলেন, তিনি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। পাথরটি প্রথমে তার মাথায় আঘাত করে। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় সিটিস্ক্যান করানোর কথা রয়েছে।
ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ জানান, ট্রেন ছাড়ার আগে যাত্রীদের জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়। তবে গরমের কারণে অনেকেই জানালা খোলা রাখেন, যা পাথর নিক্ষেপের সুযোগ সৃষ্টি করে।