সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে জনদুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি দেশে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। ৯ আগস্ট থেকে শুরু হওয়া ব্যাপক লোডশেডিংয়ের ফলে দেশের মানুষ ও শিল্পখাত ভুক্তভোগী হচ্ছে। তথ্যমতে, ৯ আগস্ট ৩৬৭১ মেগাওয়াট, ১০ আগস্ট ৩৭৫৭ মেগাওয়াট, ১১ আগস্ট ৩৪৬৫ মেগাওয়াট এবং ১২ আগস্ট ৩৮২ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল।
তিনি আরও জানান, গত ১২ আগস্ট ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট। এ পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় সরকারের সুদূরপ্রসারী সিদ্ধান্ত না নেওয়ার ফলে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তিনি সরকারের কাছে গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্পের গ্যাস চুরি বন্ধ করা এবং অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা নেওয়ার দাবি জানান।