সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের জন্য বিমানের টিকিটে বিশেষ মূল্যছাড় দেওয়া হবে। তিনি বলেন, পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ ডিসকাউন্টও প্রদান করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটি জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত হয়।
মন্ত্রী বলেন, শহীদ যোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি শহীদ পরিবারের প্রতি সম্মান ও আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তারা জুলাই আন্দোলনের গুরুত্ব ও শহীদ যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন।
মন্ত্রী আফরোজা খানম আরও জানান, জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে এবং পর্যটন স্পটগুলোতে তাদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।