সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টনে মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই নতুন কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এর আগে সন্ধ্যা ৭টা থেকে একই স্থানে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক নীতি-নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ জানান, গত ২৫ জুলাই সিলেট বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। রাজপথের নতুন কর্মসূচি সাজাতে লিয়াজোঁ কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের এক যৌথ সভায় এসব কর্মসূচি চূড়ান্ত রূপ পাবে।
লিয়াজোঁ কমিটির এই বৈঠকে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মাজেদ আতহারী এবং বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির কথিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়। হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ১১-দলীয় ঐক্য ও এর শরীক দলগুলো দেশব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।