সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক জুলাই আন্দোলনের অর্জন কোনো ব্যক্তি বা একক দলের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। তিনি বলেন, এই আন্দোলন দীর্ঘ সংগ্রাম ও বহু মানুষের ত্যাগের ফল।
শুক্রবার (৭ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা ও স্মরণসভায় তিনি এ কথা বলেন। সভাটি বিএনপির কুমিল্লা বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল আউয়াল খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।
মীর নেওয়াজ আলী উল্লেখ করেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন আব্দুল আউয়াল খান। তাই জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা ঠিক নয় বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন, “কারও সম্পর্কে মন্তব্য করার আগে নিজের অবস্থান, অতীত ও রাজনৈতিক পরিচয় সম্পর্কে ভাবা উচিত।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিক শিকদার। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও কুমিল্লা জেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী অংশ নেন।