জুতার ছাপের সূত্রে গ্রেপ্তার সোহেল রানা দাবি করেছেন, তা তার নয়

সাউথ এশিয়ান রিপোর্ট ডেস্ক রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় ডেন্টাল চিকিৎসক স্ত্রীকে খুনের মামলায় স্বামী সোহেল রানা জুতার ছাপের সূত্র ধরে গ্রেপ্তার হয়েছেন। তবে তিনি দাবি করেছেন, ওই জুতার ছাপ তার নয়।

সোহেল রানা সাংবাদিকদের বলেন, ‘আমি যদি করে থাকি (হত্যা) আমার পায়ের ছাপ ওখানে থাকবে?’ সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার ফায়দাবাদ এলাকার জামতলা গলির বাসা থেকে চিকিৎসক সারাহ রোকসানা পিনুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করে, দুর্বৃত্তরা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে হত্যা করে এবং ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তবে সিআইডির সদস্যরা জানালার ভেতরের অংশের বারান্দায় একটি জুতার ছাপ পান, যা সোহেল রানার জুতার সঙ্গে মিলে যায়। পিনুকে খুনের ঘটনায় তার বোন সারাহ সুলতানা পলি অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

সোহেল রানার আইনজীবী শাহাবুদ্দিন শেখ আদালতে রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। তিনি বলেন, ‘এজাহার, এফআইআরে তার নাম নেই। তবে তার স্ত্রীর বোন মামলা করেছেন।’ বিচারক সোহেল রানার কাছে জানতে চান, তাদের মধ্যে ঝগড়া হতো কিনা। সোহেল জানান, ‘মনোমালিন্য হতো, তবে ঘটনার কয়েকদিন আগে থেকে ঝগড়া হয়নি।’

সোহেল রানা আদালতে বলেন, ‘এটা সম্পূর্ণ চুরির ঘটনা। বাসায় চুরি করতে এসে স্বর্ণ, গহনা নিয়ে গেছে। ঘটনার সময় আমি আমার কোম্পানির প্রজেক্ট সাইটে ছিলাম।’ তিনি আরও বলেন, ‘পুলিশ অন্য কোনো আসামি ধরতে পারেনি। আমার স্ত্রীর বোনেরা মনে করছে, আমি এটা করেছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top